করোনার ‘ভালো’ দিক খুঁজে পেয়েছেন কোহলি


করোনার এই দুঃসময়ের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ভারতের অধিনায়ক
প্রত্যেক সংকটকাল মানুষকে নতুন শিক্ষা দেয়।করোনাভাইরাস মহামারীও তার ব্যতিক্রম নয়। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে দেখুন, জীবন-যাপনের দৃষ্টিভঙ্গিই পালটে গেছে তাঁর।
করোনাভাইরাস থেকে বাঁচতে কোহলিও ঠাঁই নিয়েছেন ঘরে। সময় কাটছে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে। মাঝে-মধ্যে আনুশকা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কী করছেন না করছেন, তাঁর একটা ধারণা দিয়ে যান। হাতে তাই এখন অখণ্ড অবসর। আর এই অবসর সময়টাই নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে নতুন করে ভাবার একটা অবকাশ দিয়েছে বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে। কোহলির মতে, করোনা যে শুধু মানুষের ক্ষতিই করছে, তা নয়। চাইলে এই মহামারীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও নেওয়া যায়।
কী সেই শিক্ষা?
কোহলির মতে, সংকটের এই সময়টা মানুষকে আরও বিনয়ী হতে শিখিয়েছে। শিখিয়েছে অন্যের প্রতি দরদী হতে, 'এই সংকটেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমি। সমাজের অংশ হিসেবে এখন আমরা আগের চেয়ে আরও সহানুভূতিশীল। এই যুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের আমরা আরও বেশি করে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের অবদান মন খুলে স্বীকার করছি। সেটা পুলিশের লোক হোক, চিকিৎসক কিংবা সেবিকা হোক। আশা করব আমাদের মন সংকট শেষে যেন এমনই থাকে।'
জীবন যেমনই হোক না কেন নিজের খুশিকেই প্রাধান্য দেওয়ার কথা বললেন কোহলি, 'জীবন অনেক অননুমেয়। তাই নিজেকে খুশি রাখার কাজ করুন। সব সময় তুলনায় যাবেন না। যা আছে তা নিয়ে খুশি থাকুন। এ সংকটের পর জীবনযাত্রা একদম বদলে যেতে চলেছে।'