সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি পালিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সোমবার তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্রান্ত ওই ব্যক্তি (৩০) পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। ১৫ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নমুনা পরীক্ষা করা হয়। রোববার রাতে প্রকাশিত পরীক্ষার ফলে নিশ্চিত হয়, তিনি করোনায় আক্রান্ত
সোমবার ভোরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় ওই ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই ব্যক্তি সিলেট সদর উপজেলার একটি এলাকার বাসিন্দা। করোনার উপসর্গ থাকায় ১৫ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এ সময় তাঁকে নিজ ঘরে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তিনি কোয়ারেন্টিনে না থেকে গোপনে শ্বশুরবাড়িতে চলে যান। রোববার রাতে নমুনা পরীক্ষার ফল জানা যায়। বিষয়টি জানার পর ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বাড়ির লোকজনের কাছে তাঁর ব্যাপারে কোনো তথ্য ছিল না। পরে রোববার গভীর রাতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, এলাকাবাসীর সহযোগিতায় আক্রান্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র বলেন, সোমবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

(0) Comments
একটি মন্তব্য পোস্ট করুন