টাঙ্গাইলে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ফোন করে তাঁকে ঢাকায় ফেরত নেওয়া হলো। গতকাল রোববার তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যকর্মীর বাড়িসহ আশপাশ লকডাউনের প্রস্ততি নেওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। তিনি রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের একজন ওয়ার্ডবয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, স্থানীয় প্রশাসন আক্রান্ত স্বাস্থ্যকর্মীর গ্রামের কতজন তাঁর সংস্পর্শে এসেছিলেন, তা শনাক্ত করছে। স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যদের সখীপুরের মুজিব কলেজের আইসোলেশন বিভাগে আনার প্রক্রিয়া চলছে।