আমেরিকার মিশিগানে অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। রাজ্যের এক পরিসংখানে দেখা গেছে, ১৬ এপ্রিল এই অঙ্গরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৭২ এবং আক্রান্ত ছিল ১ হাজার ২০৪ জন। ১৭ এপ্রিল থেকে ধীরে ধীরে কমছে।
পরিসংখ্যানে দেখা যায়, ১৭ এপ্রিল অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৪ জন এবং আক্রান্ত ৭৬০ জন। পর দিন ১৮ এপ্রিল মৃত্যুর সংখ্যা ৮১ জন এবং আক্রান্তের সংখ্যা ৭৬৮ জন। ১৯ এপ্রিল মৃত্যুর সংখ্যা ৮৩ জন এবং আক্রান্ত ৬৩৩ জন। মিশিগানে করোনায় এ পর্যন্ত ২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৪২৪ জন। সর্ব্বোচ্চ ২০৫ জন মারা যান ১০ এপ্রিল।
মিশিগানে করোনায় এ পর্যন্ত দুজন বাংলাদেশি আমেরিকানের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন বলে জানা যায়। বাংলাদেশি আমেরিকান বসবাস করে এমন সব অঙ্গরাজ্যের মধ্যে আনুপাতিক হারে এখানে বাংলাদেশিরা কম আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
এদিকে রাজ্যের রাজধানীতে ১৫ এপ্রিল রাজ্য সরকারের 'স্টে হোম' আদেশের বিরুদ্ধে সহস্রাধিক মার্কিন নাগরিক মোটর র্যালির মাধ্যমে ব্যাপক বিক্ষোভ করেছেন। লকডাউন শুরুর পর মিশিগানে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
হোয়াইট হাইসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের করোনাভাইরাস সংক্রান্ত আইনের কড়াকড়ির সমালোচনা করেন। তিনি গত শুক্রবার এক টুইট বার্তায় মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়াকে টার্গেটের পর শনিবার করোনাভাইরাসের বিস্তার রোধে গভর্নরদের দেওয়া আদেশের সমালোচনা করেন। তিনি বিভিন্ন স্থানে 'স্টে হোম' আদেশের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভের কথাও উল্লেখ করেন।
শনিবার ট্রাম্পের এই মন্তব্যের পর মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারের মুখপাত্র টিফিনি ব্রাউন বলেন, 'করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এক হয়ে কাজ করা উচিত। আমাদের গভর্নর জীবন বাঁচাতে ও মিশিগানের পরিবারগুলোকে সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।'
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার গতকাল রোববার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে বলেন, 'অর্থনীতি আবার খোলার কৌশলগত উপায়গুলোর দিকে তিনি নজর দিচ্ছেন। কিন্তু ভাইরাস পরীক্ষার সরবরাহের অভাবে মিশিগান পিছিয়ে রয়েছে। রাজ্যের অর্থনীতির চাকা সচল করতে আমরা বদ্ধপরিকর। তবে আমি সেটা এমনভাবে করতে চাই যা সত্যিই জীবন রক্ষা করে এবং আমরা সবাই নিরাপদ থাকি।'

(0) Comments
একটি মন্তব্য পোস্ট করুন