কোথাও কোনো খেলা নেই। ঘরবন্দী ক্রিকেটাররা। করোনাভাইরাসের এই সময়ে মন ভালো রাখাই দায়। নিজেকে চাঙা রাখতে একেকজন বেছে নিচ্ছেন একেক উপায়। কেউ সুখস্মৃতির জাবর কাটছেন। কেউ দেখছেন সিনেমা বা পড়ছেন বই। কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে মনটাকে সতেজ রাখছেন।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের মন ভালো রাখার দাওয়াই তাঁর তিন মেয়ে ও স্ত্রী ক্যানডিস ওয়ার্নার। সবাই মিলে এক সঙ্গে খাওয়া বা সিনেমা দেখা, গল্প করা, এসবই করছেন ওয়ার্নার। টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন, তাও আবার পাঁচ বছর বয়সী মেয়ে আইভির অনুরোধে। গত শনিবার টিকটকে তাঁর অভিষেকও হয়ে গেল আইভির সঙ্গে। বলিউডের একটি সিনেমার গান ‘মাই নেম ইজ শিলা’র সঙ্গে নেচেছেন বাপ-বেটি।

অস্ট্রেলীয় দুই ‘নাচিয়ের’ বলিউডের নাচটি কিন্তু খারাপ হয়নি। চাইলে ওয়ার্নারের টুইটারে গিয়ে মেয়ে আইভি আর তাঁর নাচ দেখে নিতে পারেন। এরপর টিকটকে আরেকটি ভিডিও দিয়েছেন ওয়ার্নার। যেটির সঙ্গেও জড়িয়ে আছে তাঁর মেয়ে। পাঁচ বছরের আইভির সঙ্গে বক্সিং করছেন অস্ট্রেলীয় ওপেনার, ভিডিওটা ছিল এমন।
টিকটকে নতুন আসা ওয়ার্নারের যেন নেশা ধরে গেছে ভিডিও দেওয়ার। অথবা ক্রিকেটহীন এমন দিনে এই খেলায় খুব যেন মজা পেয়ে গেছেন তিনি। সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও করেন ওয়ার্নার। এবার তাঁর নাচের সঙ্গী স্ত্রী ক্যানডিস। যে নাচ দেখে আর চুপ থাকতে পারেননি ওয়ার্নারের অস্ট্রেলিয়া দলের সতীর্থ ক্রিস লিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ট্রল করে লিখেছেন, ‘ডেভিড আমাদের মনে হয় একটু কথা বলা দরকার।’
২২ গজে দক্ষ হাতে যেভাবে প্রতিপক্ষের বাউন্সার সামলান, লিনের ট্রলও ঠিক সেভাবেই সামলেছেন ওয়ার্নার। লিনের এই মন্তব্যের উত্তরে দিলেন এভাবে, ‘লিনি কী নিয়ে কথা বলবে। এটাই তো যে ৩৩ বছরের ‌‘বুড়ো’ ওয়ার্নারের এত প্রাণশক্তি কোথা থেকে আসে!’