সাভারে ৫০ জনের বাড়িভাড়া নেবেন না বাড়ি মালিক আক্তার


করোনা মহামারির এই সময় সাভারে এক মাসের ঘরভাড়া মওকুফ করে দিয়ে মানবিকতার ব্যতিক্রম উদাহরণ গড়েছেন সাভারের এক বাড়ির মালিক। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানান তিনি। এ ধরনের কঠিন পরিস্থিতিতে বাড়ির মালিকের উদার মানসিকতায় খুশি ভাড়াটেরা।

সাভারের নিরিবিলি এলাকায় পরিবারের সদস্য নিয়ে ভাড়াবাড়িতে থাকেন শতাধিক পোশাকশ্রমিক। এক মাস ধরে তাঁদের কারখানা বন্ধ থাকায় স্ত্রী–সন্তানদের নিয়ে কঠিন সময় পার করছেন তাঁরা। শুধু পোশাকশ্রমিকেরা নন, বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের একই ধরনের চিত্র।

এক মাস ধরে ঘর থেকে বের হতে না পারা ও কাজ বন্ধ থাকায় অভাব–অনটনে বেহাল অনেকেই। এমন পরিস্থিতিতে মানবিক কারণে এক মাসের বাড়িভাড়া না নেওয়ার ঘোষণায় দারুণ খুশি নিরিবিলি এলাকার অর্ধশতাধিক মানুষ।
ভাড়াটেরা বলেন, রমজান মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন বাড়িওয়ালা। ওনাকে অনেক ধন্যবাদ। ভাড়া যতটুকু মওকুফ করছেন। তার জন্য অনেক সুবিধা হচ্ছে। কারণ, এখন চলাটাই অনেক কষ্ট।
শুধু নিম্ন আয়ের মানুষের জন্য নয়, গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কথা চিন্তা করেও এক মাসের বাড়িভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে উদারতা দেখিয়েছেন নিরিবিলি এলাকার সেই বাড়ির মালিক।
এমন দুঃসময়ে এ ধরনের সাহায্য পেয়ে খুশি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বিপদের এই সময়ে মানবিক কারণে ভাড়াটেদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান বাড়ির মালিক আক্তার হোসেন। তিনি বলেন, ‘আমার বাসার অধিকাংশ ভাড়াটে হচ্ছেন পোশাক কারখানার কর্মী। তাঁরা এখনো বেতন পাচ্ছেন না। আবার রহমতের মাহে রমজানও শুরু হয়েছে। তাই তাঁদের বাস্তবতার বিষয়টি মাথায় রেখেই আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
জানা যায়, বাড়ির মালিক অর্ধশতাধিক ভাড়াটের মে মাসের ঘরভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন।